বগুড়ায় বসছে সংগীত স্বীকৃতির আসর
পুণ্ড্রকথা ডেস্ক
সাফল্যের ধারাবাহিকতায় ২০তম ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এর জাঁকজমকপূর্ণ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ এপ্রিল। এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের স্থান বগুড়ার একটি পাঁচতারকা হোটেল।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫মার্চ) দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, আজীবন সম্মাননাসহ মোট ১৯টি বিভাগে এ পুরস্কার প্রদান করা হবে।
দক্ষিণ এশিয়ার জাঁকজমকপূর্ণ ও একমাত্র এই মিউজিক অ্যাওয়ার্ড আয়োজনে উপস্থিত থাকবেন দেশবরেণ্য প্রবীণ ও নবীন সংগীতশিল্পী ও সংগীত সংশ্লিষ্ট মানুষেরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আশোকা ফেলো অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, শিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের প্রকল্প পরিচালক রাজু আলিম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমানসহ অনেকে।
ফরিদুর রেজা সাগর বলেন, ‘এবার আয়োজন হতে যাচ্ছে বগুড়াতে। এটি বাংলাদেশের একমাত্র জেলা যেখান থেকে তিনজন প্রধানমন্ত্রী পেয়েছি। তারমধ্যে বর্তমান প্রধানমন্ত্রীও রয়েছেন। তাদের সম্মানটা আমাদের রাখতে হবে। এই আয়োজন সফল করতে হলে সবার আন্তরিক সহযোগিতা লাগবে।’
শাইখ সিরাজ বলেন, ‘সমাজে সুস্থ সংগীতের বিকাশের জন্য আজ থেকে প্রায় ২০ বছর আগে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজন করেছিল। যাতে করে নতুন শিল্পীরা মিউজিকে আসতে অনুপ্রাণিত হন। আশা করছি, অন্যান্য বারের চেয়ে আমাদের এবারের আসর আরও চমকিত এবং উল্লাসিত হবে।’
সংগীতশিল্পী রফিকুল আলম বলেন, ‘বিগত ২০ বছর ধরে মিউজিক নিয়ে এত বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান চ্যানেল আই ছাড়া দক্ষিণ এশিয়াতে কেউ করেনি। এ ক্ষেত্রে চ্যানেল আই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের সিডি, ডিভিডি ও অনলাইনে রিলিজকৃত প্রায় সকল গানের মধ্য থেকে টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫- পুরস্কার প্রদান করা হবে।
প্রতি বছরের মতো এবারও দেশের শীর্ষ সংগীতজ্ঞ এবং বিচারক হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই বিচারকার্য সম্পন্ন করবেন।