বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পায়ে মাড়িয়ে সেমাইয়ের ডো তৈরি: মালিকের ১ মাসের জেল
স্টাফ রিপোর্টার
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে একটি কারখানার মালিককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলা এলাকার শেখাহার গ্রামের একটি কারখানায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় যৌথভাবে চালানো এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাদ হোসেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- ভোলতা এলাকার “মীম লাচ্ছা সেমাই” কারখানার মালিক মো. শরিফুল ইসলাম। পরে তাঁকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
অভিযানে দেখা যায়, শ্রমিকেরা পায়ে মাড়িয়ে সেমাইয়ের ডো তৈরি করছেন। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। কাদা ও ময়লাযুক্ত সেমাই তেলে ভেজে প্রস্তুত করা হচ্ছিল এবং পোড়া তেল ব্যবহার করা হচ্ছিল।
এ ছাড়া সেমাই তৈরিতে ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক এবং নন-ফুড গ্রেড রং ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে দোষ স্বীকার করায় কারখানার মালিককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অনিরাপদ খাদ্য ও খাদ্য উপকরণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।