নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের পরিচয়
পুণ্ড্রকথা ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে মহান মুক্তিযুদ্ধের সময় অসামান্য সাহসিকতার জন্য রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পদবি বীর বিক্রমে ভূষিত করা হয়। তিনি পাকিস্তান সময়কালে ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন এবং ১৯৬৪ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে তিনবার স্বীকৃত হন।
তার বাবা ডাক্তার আজহার উদ্দিন ১৯৬৩ ও ১৯৬৫ সালে পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর হাফিজ উদ্দিন আহমদ রাজনীতিতে আসেন এবং মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন।
ভোলা-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হয়ে ১৯৮৬ ও ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ। এরশাদ পতনের পর ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন তিনি। ১৯৯২ সালে বিএনপিতে যোগ দিয়ে ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম সংসদ নির্বাচনে বিএনপির হয়ে জয়ী হন।
তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রী, পাটমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।