বগুড়ায় অবৈধভাবে বেশি দামে পেট্রোল বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ ১৯:২৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৫০ বার।

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে মজুত এবং অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে স্বপন নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুর ৩ টার দিকে উপজেলার গোহাইল বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়। 

মো. স্বপন গোহাইল বন্দরে মুদি দোকানের ব্যবসা করেন। একই সঙ্গে দোকানে বোতলের মাধ্যমে পেট্রোল বিক্রি করেন তিনি। 

 

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন মুদি দোকানের পাশাপাশি পেট্রোল ও অকটেন বিক্রি করতেন। সম্প্রতি তেল সংকটের মধ্যে তিনি বিপুল পরিমাণ পেট্রোল অবৈধভাবে মজুদ করেন। এই পেট্রোল প্রতি লিটার ১৫০-২০০ টাকা পর্যন্ত দরে ভোক্তাদের কাছে বিক্রি করেছেন তিনি। 

 

পরে অভিযোগ পেয়ে আজ এই বন্দরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঘটনার সত্যতা পেয়ে স্বপনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি বলেন, মো. স্বপনের দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তার দোকান থেকে প্রায় ১৬ লিটার পেট্রোল জব্দ করে আদালত। এই তেল সরকারি রেটে স্থানীয়দের মাঝে বিক্রি করা হয়েছে।