বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার
বগুড়ায় আতা ফল পাড়াকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. রবিন (২৬) উত্তর চেলোপাড়া এলাকার মিরাজের ছেলে।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা রবিনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি হকিস্টিক ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, প্রাথমিকভাবে কবরস্থানের আতা ফল পাড়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। তারপরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের বিষয়ে একাধিক নাম পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না।
তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।