বিএডিসির হাইব্রিড ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ মে ২০২৬ ১৯:৫৮ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালুপুকুর ও দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় বিএডিসির হাইব্রিড ভুট্টা জাত ‘বিএডিসি হাইব্রিড ভুট্টা-৩ (বি-৩৩৫৫)’–এর প্রচার ও প্রসারে মাঠ দিবস ও ফসল কর্তন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বিএডিসির বগুড়া দপ্তরের আওতাধীন গোবিন্দগঞ্জ-১ ব্লকের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা, গবেষক, চাষি ও বীজ ডিলাররা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ প্রক্রিয়াজাতকরণ) মো. মোশাব্বের হোসেন, অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ বিপণন) মো. সেলিম হায়দার, যুগ্মপরিচালক (পাটবীজ) ড. মো. সুলতানুল আলম, যুগ্মপরিচালক (কৃষি গ্রোথ) উৎপল কুমার সাহা, যুগ্মপরিচালক (সার) মো. মহিবুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার নাথ এবং ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান।

এ ছাড়া বগুড়ার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, ভুট্টাচাষি, চুক্তিবদ্ধ চাষি ও বিএডিসির বীজ ডিলাররা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা মাঠে গিয়ে ভুট্টার ফসল পরিদর্শন করেন। পরে দৈবচয়ন পদ্ধতিতে একাধিক স্থান থেকে ভুট্টা কেটে ফলন নির্ণয় করা হয়। মোচা ছাড়িয়ে ওজন করার পর প্রতি বিঘায় ৬৩ মণ ফলন পাওয়া যায়, যা ১৪ শতাংশ আর্দ্রতার ভিত্তিতে নির্ধারণ করা হয়।

এ ফলনে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় চাষিরা। তাঁরা জানান, ভবিষ্যতেও এ জাতের ভুট্টা আবাদে আগ্রহী তাঁরা।

সমাপনী বক্তব্যে বিএডিসির ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. হুমায়ুন কবির বলেন, ডিলার ও কৃষকদের চাহিদা অনুযায়ী মৌসুমের শুরুতেই হাইব্রিড ভুট্টার বীজ সরবরাহ করা হবে।

তিনি সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য বিএডিসির উপপরিচালক (বীজ উৎপাদন) শামীনা পারভীন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।