নওগাঁর ধামইরহাটে সাপ্তাহিক হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬ ১৮:৫৪ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

 অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নওগাঁর ধামইরহাটে একটি সাপ্তাহিক হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। শনিবার (০৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় শতাধিক মানুষ।

 

‘ধামইরহাটের সচেতন ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি পৌরসভার বৃহত্তর সাপ্তাহিক হাট ইজারা দেওয়ার জন্য প্রশাসকের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়। তবে ইজারা প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহীদের অনেককেই সিডিউল কিনতে দেওয়া হয়নি। একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রতিযোগিতা সীমিত করে রাখা হয় বলে অভিযোগ করেন তারা।

 

বক্তাদের দাবি, সরকারি নির্ধারিত ইজারা মূল্যের চেয়েও কম টাকায় একমাত্র দরদাতাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলেও তারা অভিযোগ করেন। তাই মানববন্ধন থেকে অবিলম্বে বর্তমান ইজারা বাতিল করে নতুন করে সিডিউল বিক্রির মাধ্যমে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় হাট ইজারা দেওয়ার আহ্বান জানানো হয়।

 

কর্মসূচিতে বক্তব্য দেন ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রুহেল হোসেন, আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রিভেন সরকার, ব্যবসায়ী রানা হোসেন ও মনিরুল ইসলাম।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধামইরহাট পৌরসভার প্রশাসক প্রশান্ত চক্রবর্তী বলেন, একটি পক্ষ ইজারা ছাড়াই খাস আদায়ের অপচেষ্টায় লিপ্ত হয়ে হাটের টেন্ডারে কাওকে অংশগ্রহণ করতে দিচ্ছিলো না। পরবর্তীতে তৃতীয় দফায় জেলা প্রশাসকের কার্যালয়ে একজন সিডিউল জমা দিলে একমাত্র দরদাতা হিসেবে তাকে হাট ইজারা দেয়া হয়েছে। সেটিও সরকারি ইজারা মূল্যের থেকে বেশি। তাই এখানে অনিয়ম দুর্নীতির অভিযোগগুলো ভিত্তিহীন।