বগুড়ায় ঝড়ে যমুনায় নৌকাডুবি, নারী শ্রমিক নিখোঁজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ মে ২০২৬ ১৫:১৪ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ২২ বার।

বগুড়ায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক নারী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকায় এ ঘটনা ঘটে৷ 

 

নিখোঁজ ওই নারীর নাম আঙ্গুরী বেগম(৪০)। তিনি গোসাইবাড়ী গুচ্ছগ্রাম এলাকার লাল মিয়ার স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী। 

 

জানা গেছে, প্রতিদিনের ন্যায় দশজন নারী শ্রমিক ভুট্টা ক্ষেতে কাজ করার জন্য নৌকাযোগে শানবান্ধা চরে যান। বৃষ্টি হওয়ার কারণে তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।পরে নৌকাযোগে আবার রওনা হন৷ বানিয়াজান স্পারের কাছাকাছি আসলে হঠাৎ ঝড়ের কবলে নৌকা ডুবে যায়। এতে ভাটি এলাকা থেকে ৯ নারী উদ্ধার হলেও আঙ্গুরী বেগম নিখোঁজ হন। 

 

নারীদের উদ্ধার করা বড়ইতলী এলাকার বাসিন্দা জুয়েল বাবু বলেন, ঘাস কেটে আমার নৌকা নিয়ে ফিরছিলাম। দেখি নয়জন নারী সাতার কেটে ভেসে আছেন। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে আমার নৌকায় তুলি। 

 

ভান্ডারবাড়ি ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, গুচ্ছগ্রামের বাসিন্দা লাল মিয়ার স্ত্রী নিখোঁজ আছেন। বাকি নারীদের উদ্ধার করা হয়েছে। 

 

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, বর্তমানে ঘটনাস্থলে আছি৷ এক নারী নিখোঁজ আছেন। উদ্ধারের কাজ শুরু হয়েছে। ডুবুরি দলকেও খবর পাঠানো হয়েছে।