ব্রাজিল দলকে শুভকামনা জানিয়ে বগুড়ায় আনন্দ শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার
আসন্ন ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় ব্রাজিল ফুটবল দলকে শুভকামনা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছেন সমর্থকেরা। সোমবার বিকেলে স্থানীয় ব্রাজিল ফ্যানস গ্রুপের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে কর্মসূচির শুরুতে সোনাতলা মিনি স্টেডিয়াম চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পরে সেখানে জড়ো হওয়া সমর্থকেরা একটি শোভাযাত্রা নিয়ে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যান।
শহীদ মিনার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্রাজিলের হলুদ-সবুজ জার্সি পরা সমর্থকদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। তাদের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকেরা বলেন, কয়েকটি বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য না পেলেও ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ঘুরে দাঁড়াবে বলে তারা আশাবাদী। তাদের প্রত্যাশা, ‘মিশন হেক্সা’ পূরণ করে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতবে ব্রাজিল।
সমর্থকেরা আরও বলেন, তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে বর্তমান দলটি বেশ ভারসাম্যপূর্ণ। নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রদের নেতৃত্বে ব্রাজিল আবারও বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে বলে তারা বিশ্বাস করেন।