বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতা নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ জুন ২০২৬ ২১:০৯ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩৯২ বার।

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক ব্যক্তি। 

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর কলেজ গেটসংলগ্ন দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম পলাশ হোসেন (৪০)। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার চাকলা গ্রামের বাবু মন্ডলের ছেলে। এছাড়াও তিনি পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজলিমুর রহমান৷ 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ হোসেন মোটরসাইকেল চালিয়ে দুপচাঁচিয়া থেকে আক্কেলপুরের দিকে যাচ্ছিলেন। পথে মর্তুজাপুর কলেজ গেটের সামনে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয় এবং তার সাথে আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

 

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজলিমুর রহমান বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।