বগুড়ায় দুই ডাকাতির ঘটনায় আন্তঃজেলা চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রাম ও শিবগঞ্জে সংঘটিত দুটি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৫০০ টাকা, সাড়ে সাত আনা স্বর্ণালংকার এবং কিছু ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়া উপজেলার তালোড়া (শাবলা) এলাকার আসলাম সাকিদার (২৭), তালোড়া (ভেলুরচক) এলাকার জিয়ারুল ইসলাম ওরফে জিয়াউর রহমান (৪৬), শিবগঞ্জ উপজেলার রহবল পশ্চিমপাড়া এলাকার সাইদুর মণ্ডল ওরফে মগা (৩৬), দুপচাঁচিয়া উপজেলার তালোড়া (নওদাপাড়া) এলাকার জুয়েল প্রামাণিক (২৪) এবং কাহালু উপজেলার প্রতাপপুর এলাকার আবদুল ওহাব (২৮)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আসলাম সাকিদারের বিরুদ্ধে পাঁচটি, জিয়ারুল ইসলামের বিরুদ্ধে একটি, সাইদুর মণ্ডলের বিরুদ্ধে দুটি এবং জুয়েল প্রামাণিকের বিরুদ্ধে ১০টি মামলা বিচারাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গত ১২ মে রাত দুইটার দিকে নন্দীগ্রাম উপজেলার বীরপলি (ফকিরপাড়া) এলাকায় রশিদুল আলমের বাড়িতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল হামলা চালায়। তারা বাড়ি থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল ফোন, টেলিভিশন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ১৮ মে নন্দীগ্রাম থানায় ডাকাতির মামলা হয়।
মামলাটির তদন্তে নেমে ডিবি পুলিশের একটি দল শুক্রবার কাহালু, দুপচাঁচিয়া ও সদর এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসলাম সাকিদার, জিয়ারুল ইসলাম ও সাইদুর মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে লুট হওয়া মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গত ৩১ মে রাত দুইটার দিকে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ দহপাড়া এলাকায় জিয়াউল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা তাঁকে মারধর করে আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার, স্মার্টফোন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। ওই দিনই শিবগঞ্জ থানায় আরেকটি ডাকাতির মামলা হয়।
ওই মামলার তদন্তে শুক্রবার শিবগঞ্জ ও কাহালু এলাকায় অভিযান চালিয়ে জুয়েল প্রামাণিক ও আবদুল ওহাবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, একটি কানের দুলসহ সাড়ে সাত আনা স্বর্ণালংকার এবং কিছু ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়।
আতোয়ার রহমান বলেন, ডাকাতির ঘটনায় জড়িত অন্য পলাতক ব্যক্তিদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।