বগুড়ায় চলন্ত অটোভ্যান পুকুরে পড়ে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ জুন ২০২৬ ১৬:২০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৫৬ বার।

বগুড়ার ধুনট উপজেলায় মালামালবোঝাই একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত শুকুর আলী (৭২) উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চরনাটাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মকবুল হোসেনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুকুর আলী ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শনিবার সকালে বাগবেড়-হরিনাথপুর বাজার এলাকা থেকে ভাড়ার চুক্তিতে লোহার তৈরি মালামাল নিয়ে তিনি মরিচতলার উদ্দেশে রওনা হন। পথে নারায়ণপুর গ্রামের একটি সরু ও উঁচু সেতু পার হওয়ার সময় অটোভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তাঁর মৃত্যু হয়।

 

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।