বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১
স্টাফ রিপোর্টার
বগুড়ায় দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে ট্রাকচালকের সহকারী আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত তিনটার দিকে দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আনোয়ার হোসেন(৩০)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হৃদয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজলিমুর রহমান।
পুলিশের এই কর্মকর্তা জানান, রাতে নওগাঁ থেকে নোয়াখালীগামী একটি আমবোঝাই ট্রাক( ঢাকা মেট্রো ট- ২৪-৬৯২৪) এর সাথে বগুড়া থেকে নওগাঁগামী একটি বালুবাহী ট্রাক( ঢাকা মেট্রো ট- ২২-৮৬১৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন মারা যান এবং তার সাথে থাকা সহকারী হৃদয় গুরুতর আহত হন। পরে হৃদয়কে স্থানীয় হাসপাতালে নিলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইটি ট্রাক জব্দ করা হয়েছে৷ তবে বালুবাহী ট্রাকে থাকা চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।