বগুড়ায় কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এ ঘটনায় প্রাণী নির্যাতনের অভিযোগে বগুড়া সদর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

 

গ্রেপ্তার মো. স্বপন নগরীর রহমাননগর এলাকার মৃত ইসমাইলের ছেলে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর বকশিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মামলাটি সোমবার দায়ের করেন ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন।

 

মামলার এজাহারে বলা হয়, সোমবার দুপুরে খবর পেয়ে এমরান হোসেন কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে গিয়ে একটি সাদা-কালো রঙের পথকুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখেন।

 

 

পরে স্থানীয় দুই ব্যক্তি এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

 

এজাহারে বলা হয়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করে। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার পর প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

 

বাদীর অভিযোগ, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্বপন ধারালো কোনো বস্তু দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পথকুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেন। আহত প্রাণীটির চিকিৎসা নিশ্চিত করা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শের কারণে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

 

 

ডিবির ওসি ইকবাল বাহার বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।