বগুড়ায় আদালতে হাজিরা দিতে এসে সাড়ে ৪ লাখ জাল নোটসহ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ ১৭:১৪ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১০ বার।

জাল টাকা সংক্রান্ত মামলায় জামিনে থাকা এক আসামি আদালতে হাজিরা দিতে এসে আবারও ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার হয়েছেন। বুধবার দুপুরে বগুড়া জেলা জজ আদালত চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৪৭)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে আগের একটি জাল টাকার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন রফিকুল ইসলাম। তিনি তাঁর আইনজীবীর কক্ষে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট উদ্ধার করা হয়। এসব নোট পাঁচটি বান্ডিলে ছিল। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা।

 

ডিবি পুলিশ জানিয়েছে, রফিকুল ইসলাম এর আগেও জাল নোটসহ তিনবার গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে জাল টাকা ও চেক জালিয়াতির অভিযোগে ছয়টি মামলা রয়েছে। এসব মামলা আদালতে বিচারাধীন।

 

আটকের পর রফিকুল ইসলাম পুলিশকে জানান, আদালতে হাজিরা দিতে আসার সময় তাঁর সঙ্গে আরও একজন ব্যক্তি ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি টাকাভর্তি ব্যাগ তাঁর কাছে রেখে পালিয়ে যান।

 

ডিবির ইনচার্জ ইকবাল বাহার বলেন, জাল নোট উদ্ধারের ঘটনায় এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলা করেছেন। উদ্ধার হওয়া জাল নোটের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।