বগুড়ায় একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, আতঙ্কে চলন্ত ট্রেন থেকে লাফ; আহত ৪
স্টাফ রিপোর্টার
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে মুখোমুখি চলে আসে দুটি যাত্রীবাহী ট্রেন। হঠাৎ এমন পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন কয়েকজন যাত্রী। এতে অন্তত চারজন আহত হয়েছেন। তবে চালক ও স্টেশন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনও একই লাইনে চলে আসে। দুটি ট্রেনকে মুখোমুখি অবস্থায় দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের আশঙ্কায় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এতে অন্তত চারজন আহত হন।
খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন বলেন, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। চালকদের সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো গেছে।
তিনি আরও বলেন, কীভাবে সিগন্যাল ছাড়াই ট্রেনটি স্টেশনে প্রবেশ করল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।