বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ–কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে বিস্ফোরকদ্রব্য, হামলা ও সহিংসতার অভিযোগে দায়ের করা একটি মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান (৪৮) এবং শাহবন্দেগী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন (৫৫)।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য, হামলা ও সহিংসতার মামলায় আব্দুল হান্নান এজাহারভুক্ত আসামি। অন্যদিকে মামলার তদন্তে সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ার পর তোফাজ্জল হোসেনকে ওই মামলার আসামি করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে মির্জাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কানাইকান্দর এলাকা থেকে পৃথক অভিযানে তোফাজ্জল হোসেনকে আটক করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার পলাতক ও অভিযুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।