জুলাই খুনিদের বিচার ত্বরান্বিত করতে ‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬ ১৭:৪০ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

জুলাইয়ের খুনিদের বিচার ত্বরান্বিত করতে নওগাঁয় ১১ দলের উদ্যোগে বিক্ষাভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (০৫ আগষ্ট) সকাল ১০টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাজের মোড়ে গিয়ে শেষ হয়।

‎মুক্তির মোড় শহীদ মিনারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির আব্দুর রাকিবের সভাপতিত্বে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক নাসির উদ্দীনের পরিচালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আসম সায়েম, আমার বাংলাদেশ পার্টির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক এডভোকেট কাজী আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের নওগাঁ জেলা উপদেষ্টা রেজাউর রহমান টুকু, এল ডি পি নওগাঁ জেলা শাখা সাধারণ সম্পাদক শাহেনশাহ, এনসিপির নওগাঁ জেলা যুগ্ন সদস্য সচিব তৌফিকুল ইসলাম তপু, জাগপার নওগাঁ জেলার সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এডভোকেট আব্দুর রহিম,জেলা ছাত্রশিবিরের সভাপতি আজফারুল হক, নওগা পৌর জামায়াতের নায়েবে আমির আসাদুল্লাহ আল গালিব, প্রমূখ বক্তব্য রাখেন। 

‎মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিছিলোত্তর সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গণভোটের রায় উপেক্ষার মাধ্যমে জাতির সাথে প্রতারণা শুরু করেছে। এখনো জুলাই শহীদদের বিচারের দৃশ্যমান কিছু দেখাতে পারেনি সরকার। নতুন ফ্যাসিবাদের পদধ্বনি লক্ষ্য করা যাচ্ছে। 

‎খুনি হাসিনার বিচার ত্বরান্বিত করতে নির্বাচিত সরকার দৃশ্যমান ভূমিকা রাখছেন না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দেশবাসীর সাথে তামাশা শুরু করেছে বিএনপি সরকার। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন সহ খুনিদের বিচার করা না হলে আগামীতে বৃহত্তর গন আন্দোলনে মাঠে নামবে ১১ দলীয় ঐক্যজোট। 

‎সমাবেশ থেকে জুলাই সনদ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন এবং গণভোটের রায় দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে হবে এবং একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

‎শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জুলাই বিপ্লবের চেতনা অম্লান থাকুক। জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন হোক।ঐক্য, ন্যায় ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকুক।