বগুড়ায় ফতেহ আলী সেতুর উদ্বোধন
স্টাফ রিপোর্টার
সড়ক দূর্ঘটনা আগের তুলনায় কমেছে তবে এখনও সারাদেশে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জীবন দিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সড়ক দূর্ঘটনা হ্রাসে সড়কে যানবাহনের গতি ব্যবস্থাপনা ও নিরাপদ সড়ক আইন কার্যকর করার পাশাপাশি বিশ্বব্যাংক এবং এডিবিসহ বিভিন্ন সংস্থার সহযোগিতা নিয়ে সরকার কাজ করছে। খুব শিগগিরই এসবের সুফল মিলবে। শনিবার বিকেলে বগুড়া শহরের ফতেহ্ আলী বাজার সংলগ্ন এলাকায় করতোয়া নদীর ওপর একটি সেতু উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনা বৃদ্ধির কারণ সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী শেখ রবিউল আলম জানান, এই সেক্টরে দীর্ঘদিন জরাজীর্ণতা ও অব্যবস্থাপনা ছিল। পাশাপাশি দেখভালেরও ঘাটতি ছিল। তবে বর্তমান সরকার এসব বিষয় খুবই গুরত্বের সঙ্গে দেখছে। চালদের অধিকাংশই অদক্ষ উল্লেখ করে মন্ত্রী বলেন, চালকরা মূলত বাসে ও ট্রাকে থাকতে থাকতেই ড্রাইভিং শেখে এবং তারা তেমন আইনও জানে না। তিনি বলেন, বাস ও ট্রাকসহ সব ধরনের যানবাহনের চালকদের প্রশিক্ষণ প্রদান করা হাবে। গাড়ি চালাতে সক্ষম এমন লোকজনদেরই প্রশিক্ষণ দিয়ে দক্ষ চালক হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি মদক থেকে দূরে থাকা নিশ্চিত করতে চালকদের ডোপ টেস্টসহ ফিটনেসও দেখা হবে। এসব পদক্ষেপের কারণে আগামীতে সড়ক দূর্ঘটনা কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী এর আগে দুপুরে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খোন্দকার আব্দুল মুক্তাদির এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বক্তৃতা করেন। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ব্যবসা-বাণিজ্য এবং শিল্পের বিকাশে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের সুদের হার ১৪ শতাংশ থেকে হ্রাস করে ওয়ান ডিজিটে নামিয়ে আনার দাবি জানান।