নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক। নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
উপজেলার ওমরপুর এবং হাটকড়ই বাজারে এ অভিযান পরিচালনার সময় লাইসেন্স ব্যতীত সার বিক্রয়, দোকানে মূল্য তালিকা না রাখাসহ সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের বিষয়গুলো ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী অংকন ট্রেডার্সের স্বত্বাধিকারী নিরল চন্দ্রকে ১০ হাজার টাকা, মেসার্স মোহসিনা ট্রেডার্সের স্বত্বাধিকারী ইব্রাহিমককে ১৫ হাজার টাকা, মেসার্স স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী স্বপন কুমার মহন্তকে ১৫ হাজার টাকা এবং মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের স্বত্বাধিকারী বেলাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।