রাষ্ট্র সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে বিএনপি সরকার: সিরাজ এমপি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার রাষ্ট্র সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
মঙ্গলবার সকালে বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্র সংস্কার। জনগণের চাহিদার প্রেক্ষাপটে “সবার আগে বাংলাদেশ”—এই নীতিতে তিনি দেশ পরিচালনা করছেন।’
তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। পরবর্তী সময়ে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।
সিরাজ আরও বলেন, দেশের মানুষের স্বার্থে তারেক রহমান কোনো ভয়ভীতির পরোয়া করেন না। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তিনি দেশ পরিচালনা করছেন। বিএনপির নেতা-কর্মীদের সব সময় জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের বিরুদ্ধে কাজ করে এমন কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।
উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল।
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মারুফ শিমুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, শহর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ কাওসার আলী কলিন্সসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি র্যালি বের করেন। র্যালিটি শেরপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে।