শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা: ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
স্টাফ রিপোর্টার
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় কারাগারে থাকা বগুড়া শহর ছাত্রদলের পাঁচ নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন স্বাক্ষরিত এক সিদ্ধান্তে তাঁদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন বগুড়া শহর ছাত্রদলের ১৮ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নাফিউল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রান্ত ইসলাম, সদস্য রাকিবুল হাসান রাকিব এবং ১৯ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক এস এম শিহাব।
বগুড়া শহর ছাত্রদলের দপ্তর সম্পাদক রাতুল আহসান রিয়াদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন। এ ঘটনায় করা মামলায় ছাত্রদলের ওই পাঁচ নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।