বগুড়ায় এক যুবককে হত্যার দায়ে ২জনের মৃত্যুদণ্ড এবং ৩জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬ ১৪:১৯ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩২ বার।

বগুড়ায় চাঁদা চেয়ে না পাওয়ায় রাকিবুল হাসান হৃদয় নামে এক যুবককে হত্যার দায়ে ২ ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অপর ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

 

বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক কৌশিক আহমেদ খোন্দকার সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই রায় ঘোষণা করেন। রায়ে বিচারক দণ্ডিত প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানাও করেন।

 

যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন— সাদ্দাম হোসেন স্বাধীন ও রাব্বি মিয়া। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন— আশিকুল ইসলাম, শাকিল ইসলাম ও মতিন মিয়া। রায় ঘোষণার পর পরই দণ্ডিতদের কারাগারে পাঠানো হয়। রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। নিহত হৃদয়ের মা আয়েশা সিদ্দিকা জানিয়েছেন তার ছেলে পবিত্র কোরআনের হাফেজ ছিলেন।

 

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান স্বপন জানান, দণ্ডিতরা প্রায় ৫ বছর আগে বগুড়া মহানগরের কৈপাড়ার তরুণ ব্যবসায়ী রাকিবুল হাসান হৃদয়ের কাছে চাঁদা দাবি করে। না দেওয়ায় ২০২১ সালের ২০ জুলাই দণ্ডিতরা ধারালো অস্ত্র দিয়ে রাকিবুল হাসান হৃদয়কে কুপিয়ে জখম করেন। তাকে রক্ষা করতে গেলে তার বাবার ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত হৃদয় এবং তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদয় মারা যান।

 

ওই ঘটনায় নিহত রাকিবুল হাসান হৃদয়ের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এরপর তদন্ত শেষে পুলিশ আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।