বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৯৪ বার।

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় মন্ত্রী ও তাঁর স্ত্রী সামান্য আহত হলেও পরে তাঁরা পুলিশ প্রটেকশনের গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

 শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মোকামতলা–জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় আহত ফিরোজা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।