বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হলেন বগুড়ার সোহাগ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বগুড়ার নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মো. মাহবুব হাসান সোহাগ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত সংস্থার কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি শপথ নেন।
অনুষ্ঠানে সংস্থার সভাপতি ফারহানা চৌধুরী বেবীর সভাপতিত্বে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হকসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাহবুব হাসান সোহাগ বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি নৃত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
অভিষেক অনুষ্ঠানে বগুড়ার ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র শিল্পীরা মাহবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি দেশের খ্যাতনামা নৃত্যশিল্পীরাও অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন নৃত্যশিল্পী কস্তুরী মুখার্জি।