নওগাঁয় এক হাজার শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৯ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নওগাঁয় শিক্ষার্থীদের মধ্যে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের উদ্যোগে জেলার সদর উপজেলার কীর্ত্তিপুর উচ্চবিদ্যালয় ও কীর্ত্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কীর্ত্তিপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম. আল কাফি তুহিন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে বিদ্যালয় পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

 

আলোচনা সভা ও চারা বিতরণ শেষে সংসদ সদস্য জাহিদুল ইসলাম অতিথিদের নিয়ে কীর্ত্তিপুর উচ্চবিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, রাজশাহী শিক্ষা বোর্ডের উদ্যোগে এ অঞ্চলের ১২টি বিদ্যালয়ে এই কর্মসূচি নেয়া হয়েছে।