‎বগুড়ায় ৭২৫ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ ২১:০১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১ বার।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎

‎শুক্রবার (২ অক্টোবর) বেলা ১২টায় সাতমাথা সনাতন মন্দিরে বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল।

‎

‎সভায় বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমর সাহা, সাংগঠনিক সম্পাদক অসীম দাস, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল এবং বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে গোপাল তেওয়ারি, রামনারায়ণ কানু, প্রভাত সাহা, বিকাশ সাহা, আশীষ রায়, কালাচাঁদ সাহা, অশোক সাহা, অসিত দেবনাথ, রণজিত চৌধুরী, মিহির সরকার, পবিত্র মোহন্ত, উত্তম কুমার, অঞ্জন প্রামাণিক, বাধন কর্মকার কৃষ্ণ, পংকজ চক্রবর্তী, সুবীর দত্ত ও মানিক সরকার বক্তব্য রাখেন। 

‎

‎সভায় জেলা, মহানগর ও উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকরা দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে মতামত দেন।

‎

‎সভায় জানানো হয়, এবার বগুড়া জেলায় সর্বমোট ৭২৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে মণ্ডপগুলোতে সার্বক্ষণিক তদারকি ও মনিটরিংয়ের জন্য স্বেচ্ছাসেবক কমিটি গঠন, সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা নিশ্চিতকরণ, গুজব প্রতিরোধ, জেনারেটর ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা এবং নারী-পুরুষের পৃথক যাতায়াতের ব্যবস্থা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।