বগুড়ায় "সাকিন খুনমাখা মাটি" আবৃত্তি সন্ধ্যায় মুগ্ধ দর্শক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ ১৯:৪১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১ বার।

বিহঙ্গ আবৃত্তি পরিষদ, বগুড়া-র প্রতিষ্ঠার ২৭ বছর পূর্তি উপলক্ষে শনিবার ( ৩ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সফলভাবে অনুষ্ঠিত হলো আবৃত্তি সন্ধ্যা "সাকিন খুনমাখা মাটি"। আবৃত্তি প্রযোজনাটি সুন্দর হওয়ায় দর্শকরা ছিলেন মুগ্ধ। কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্'র "মানুষের মানচিত্র" কাব্যগ্রন্থ অবলম্বনে নির্মিত এই আবৃত্তি প্রযোজনার গ্রন্থনা, নির্মাণ ভাবনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনের সভাপতি ও আবৃত্তি প্রশিক্ষক ফজলে রাব্বী।

অনুষ্ঠানের প্রথম পর্বে শিশু বিভাগে আবৃত্তি পরিবেশন করে বিহঙ্গের শিক্ষার্থী অভিমন্যু দাস সার্থক, আফনান হোসেন রিশান, সম্প্রীতি রায় মণ্ডল ও দেবাদৃতা দত্ত শ্রেষ্ঠা। এরপর বড়দের বিভাগে আবৃত্তি পরিবেশন করেন ফারিহা জাহান অপ্তি, জান্নাতুল ফেরদৌস জ্যোতি, ফাতেমা কবির দিয়া, যূথী ভট্টাচার্য তুলি, শাহরিয়ার আহনাফ, শফিকুল ইসলাম ও রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানের শুভেচ্ছা বিনিময় অংশে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফজলে রাব্বী। বক্তব্য জাসাস বগুড়া জেলা শাখার আহ্বায়ক জনাব ওয়াহিদ মুরাদ, নওগাঁর আবৃত্তি সংগঠন প্রাণজ'র আবৃত্তিশিল্পী হাসান নয়ন এবং বিহঙ্গ আবৃত্তি পরিষদের উপদেষ্টা আবৃত্তিশিল্পী সৈয়দ তাহ্সীন কবির। অতিথিদের মধ্যে একক আবৃত্তি পরিবেশন করেন হাসান নয়ন ও সৈয়দ তাহসীন কবির।

শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে বিরতিহীনভাবে মঞ্চস্থ হয় মূল দলীয় আবৃত্তি প্রযোজনা "সাকিন খুনমাখা মাটি"। প্রযোজনায় অংশ নেন শফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, শাহরিয়ার আহনাফ, যূথী ভট্টাচার্য, ফারিহা জাহান, সুমাইয়া ইয়াসমিন, আয়েশা খাতুন ও নুসরাত নিশি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মনিরা রহমান ডিনা, জান্নাতুল ফেরদৌস জ্যোতি ও রাকিবুল ইসলাম। 

মঞ্চসজ্জায় গ্রামবাংলার প্রান্তিক জনজীবনের প্রতীকী চিত্র ও রক্তমাখা মাটির দৃশ্যায়নের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় কবিতার আবহ, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। আবহ সংগীতে ছিলেন পরিতোষ ঢুলি ও তাঁর দল, মঞ্চসজ্জা ও আলোকসজ্জায় সাঈদ লাইটিং মিডিয়া এবং শব্দযন্ত্রে ছিল বগুড়া সাউন্ড এন্ড লাইট।