বগুড়ায় দুই লাইভ বেকারিকে জরিমানা
স্টাফ রিপোর্টার
বগুড়া শহরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়া বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদনের দায়ে দুটি বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার ইয়াকুবিয়া মোড়ে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বেক হাউজ লাইভ বেকারিকে ২৫ হাজার টাকা এবং ফিউশন হাব লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদনের দায়ে বেক হাউজ লাইভ বেকারিকে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়। অন্যদিকে, ফিউশন হাব লাইভ বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল। অভিযানে বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
বিএসটিআইয়ের উপপরিচালক ও অফিসপ্রধান মো. জহুরুল হক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।