বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া বর্ণ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) ভোরে গাবতলী উপজেলায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাদিয়াদ হুসাইন গাবতলী উপজেলার কামারচট্র এলাকার বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে। বুধবার দুপুরে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, সম্প্রতি বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে হেঁটে যান ওই যুবক। পরে তিনি টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। ওই ব্যক্তির ছবি দেখে তাঁকে শনাক্ত করে পুলিশ। এরপর অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি রাকিব হোসেন জানান, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। তিনি মাদকদ্রব্য হেরোইন সেবন করেন বলে পুলিশের দাবি। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিলেন তিনি।
তিনি আরও জানান, রাদিয়াদের বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় অস্ত্র আইন, বিস্ফোরকদ্রব্য আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্য দুটি মামলার একটিতে তাঁকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে এবং অপরটিতে তদন্তে সন্দেহভাজন হিসেবে তাঁর নাম এসেছে।