বগুড়ায় অনলাইন প্রতারণা ও অবৈধ লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ২০:৪১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২ বার।

অনলাইনে অ্যাকাউন্ট খুলে বেশি লাভের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ এবং অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে বগুড়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মুঠোফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর চারটার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় আইআইটিবির প্রধান ফটকের সামনে সাতমাথা থেকে বনানীগামী সড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাজিম উদ্দিন (৪২), মো. ওবায়দুর রহমান (৪০) ও মো. নুরুল ইসলাম (৪১)। নাজিম উদ্দিন ও ওবায়দুর রহমানের বাড়ি শাজাহানপুর উপজেলায়। নুরুল ইসলামের বাড়ি বগুড়া সদর উপজেলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির ওসি ইকবাল বাহার। 

 

ডিবির দাবি, একটি চক্র অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিত। পরে ওই অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমা রাখলে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে আরও টাকা সংগ্রহ করত তারা। এভাবে চক্রটি অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

 

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আসামিদের ব্যবহৃত মুঠোফোনে Binance, Cross Market, Platin Passport, Abrix Labs ও Fundfx নামের অ্যাপ্লিকেশনে লেনদেনের তথ্য পাওয়া যায়। এ ছাড়া মুঠোফোনগুলোতে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ছিল। পরে চারটি মুঠোফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়।

 

বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও অবৈধ ডিজিটাল লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ব্যবহৃত মুঠোফোনে বিভিন্ন অ্যাপ্লিকেশনে লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।