নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং; গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

 নওগাঁর মান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তারিখ মাইকিং করে প্রচার করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই সঙ্গে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। 

 

শুক্রবার (২৩অক্টোবর) বিকেলে দুইজন ফ্যাসিস্ট নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি ১২নং কাশোপাড়া ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি। এবং অপরজন আব্দুল জলিল সরকার (৫০)। তিনি মান্দা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে।   

 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো: আসলাম হোসেন টিপু সহ কয়েকজন নওগাঁ-রাজশাহী জেলার বর্ডার এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবে এই মর্মে ১৮সেকেন্ডের একটি মাইকিং ভিডিও আপলোড করে। গত বৃহস্পতিবার (২২অক্টোবর) রাতে ওই ভিডিওটি জেলা পুলিশের নজরে আসা মাত্র জেলা পুলিশ কাজ শুরু করে। এবং তারই ধারাবাহিকতায় দেশকে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গতকাল রাতেই দুইজন ফ্যাসিস্ট নেতা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে মাইকিং এ ব্যবহৃত অটো রিক্সাটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার শহিদুল ইসলাম শহীদ বিষয়টি জানে মর্মে পুলিশের কাছে স্বীকার করেছে।    

 

এসপি তারিকুল ইসলাম আরও বলেন, নওগাঁ জেলাকে অস্থিতিশীল করার চেষ্টা যারা করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করবে জেলা পুলিশ। কাজেই মাইকিং এর ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করতে জোর পুলিশী অভিযান অব্যাহত আছে। 

 

উল্লেখ, গত বৃহস্পতিবার (২২অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সাথে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয় ওই ভিডিওতে।  

 

শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের জানান দিতে একটি অটোরিকশায় মাইকিং করার ঘটনায় সাধারণ মানুষের মাঝে নানা গুঞ্জন ও আলোচনা শুরু হয়। 

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছে। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম ও জাতির ভাইদের আদাব ও শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমত নির্বিশেষে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইকিংয়ে ঘোষণা করা হয়, শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারিত হলে পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত দলীয় ঐক্য বজায় রেখে নেতাকর্মীদের প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়। 

 

প্রচারণায় এই কার্যক্রমের পেছনে সাবেক ছাত্র ও যুবনেতা মো. আসলাম টিপুর সমর্থক গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়েছে। আসলাম টিপুকে একাধিক রাজনৈতিক মামলার আসামি ও সাবেক কারা নির্যাতিত ছাত্রনেতা হিসেবে পরিচয় দেওয়া হয়। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আসলাম টিপুর সমর্থক গোষ্ঠী’ নামে একটি পেজ বা অ্যাকাউন্টে মাইকিংয়ের ভিডিওটি ছড়িয়ে পড়ে। 

 

এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে নামে পুলিশ।