শেরপুরে পিইপির উদ্যোগে গাছ বিক্রির অর্থসহ বিভিন্ন সহায়তা বিতরণ
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রামের (পিইপি) উদ্যোগে সড়কের পাশে রোপণ করা গাছ বিক্রির অর্থ, ছাগল ও বিভিন্ন খাতে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর সাব-সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়। একই সঙ্গে রাস্তা বনায়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের ২০ শতাংশ অংশের ২ লাখ ২০ হাজার ৪০৬ টাকার চেক হস্তান্তর করা হয়।
পিইপি গভর্নিং বোর্ডের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
এস আই ডিপির বগুড়া জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম পান্না, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন মণ্ডল, চন্ডেশ্বর সাব-সেন্টারের জমিদাতা মাছুদুর রহমান মাছুদ, ধুনটের নিমগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলম এবং সাংবাদিক শহিদুল ইসলাম শাওন ও আবু জাহের প্রমুখ।
অনুষ্ঠানে ৪১টি পরিবারকে ৫ লাখ ৫৬ হাজার ৯৯৫ টাকা নগদ সহায়তা দেওয়া হয়। এ ছাড়া ১২টি পরিবারকে ছাগল বিতরণ বাবদ ৮৪ হাজার টাকা, দুটি পরিবারকে জমি লিজের জন্য ৭১ হাজার ৯৫০ টাকা, দুটি পরিবারকে ক্ষুদ্র ব্যবসার জন্য ১২ হাজার টাকা এবং দুটি পরিবারকে শিক্ষা সহায়তা হিসেবে ৬ হাজার টাকা দেওয়া হয়।
এ ছাড়া ২৪টি পরিবারকে কাঠ ও ফলদ গাছের চারা বিতরণ বাবদ ৯ হাজার ৬০০ টাকা সহায়তা দেওয়া হয়। পাশাপাশি রাস্তা বনায়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের ২০ শতাংশ অংশের ২ লাখ ২০ হাজার ৪০৬ টাকার চেক বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এ কার্যক্রমের আওতায় সড়কের পাশে রোপণ করা গাছ বিক্রির অর্থ ও ছাগল এগ্রিমেন্টভুক্ত সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে।
পাশাপাশি বিভিন্ন খাতে আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বনায়নের সুফল বণ্টনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।