বগুড়ায় পুকুরে মিলল যুবকের ভাসমান মরদেহ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ ২০:১৯ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৬ বার।

বগুড়ায় একটি পুকুর থেকে বিপুল (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া মণ্ডলপাড়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

নিহত বিপুল ওই গ্রামের বাঘোপাড়া বন্দরের নৈশপ্রহরী জাহিদুর রহমানের ছেলে। তিনি পেশায় গাড়ির হেলপার ছিলেন।

 

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা (ইউডি) হতে পারে।

 

ওসি আরও জানান, বিপুল মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।