বগুড়া সমবায় ব্যাংকের দোকানঘর দখলমুক্ত করে সমবায় টাওয়ার নির্মাণের উদ্যোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ ২০:২৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২০ বার।

বগুড়া মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত শতবর্ষী সমবায় ব্যাংক লিমিটেডের নিজস্ব ভবনের দোকানঘর দখলমুক্ত করে সেখানে আধুনিক বহুতল ভবন সমবায় টাওয়ার নির্মাণের উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ভবনের পাঁচটি দোকানের ভাড়াটিয়াকে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে দোকানঘর ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময় পার হওয়ার পরও তাঁরা দখল ছাড়েননি বলে অভিযোগ করেছেন ব্যাংকের বর্তমান সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

 

বুধবার (৪ নভেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, বগুড়ার প্রান্তিক জনগোষ্ঠী ও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঐতিহ্যবাহী নওয়াব আলতাব আলী চৌধুরীর উদ্যোগে নিজ বাসভবনে সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার যাত্রা শুরু হয়। ১৯১৪ সালে প্রতিষ্ঠানটি নিবন্ধন লাভ করে এবং ১৯২৮ সালে সরকার কর্তৃক অধিগ্রহণের পর সাতমাথায় ব্যাংক ভবন প্রতিষ্ঠিত হয়। শতবর্ষের ঐতিহ্য বহনকারী প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় শত কোটি টাকার সম্পদের মালিক।

 

১৯৯২ সালে ব্যাংকের সাতমাথার ভবনটির মালিকানা দাবি করে একটি পক্ষ আদালতে মামলা করেন। এ সময় ভুয়া কাগজপত্র তৈরি করে মালিকানা দাবি করার অভিযোগ ওঠে। তৎকালীন ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় দলিল ও প্রমাণাদি আদালতে দাখিল করলেও মামলাটি দীর্ঘদিন চলমান থাকে। পরবর্তী সময়ে ব্যাংকের পক্ষে মামলা পরিচালনায় উদ্যোগ নেওয়া হয়। ২০০৫ সালের ২৯ নভেম্বর ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি নিজের অর্থ ব্যয় করে আইনজীবীর মাধ্যমে মামলাটি পরিচালনা করেন। শেষ পর্যন্ত আদালত থেকে ব্যাংকের পক্ষে রায় আসে। 

 

লিখিত বক্তব্যে অভিযোগ করে মাফতুন আহমেদ খান রুবেল বলেন, ব্যাংক ভবনের কয়েকজন ভাড়াটিয়া দীর্ঘদিন ধরে নিয়মিত ভাড়া পরিশোধ ও চুক্তিপত্র নবায়ন না করে নিজেদের ইচ্ছামতো ব্যবসা পরিচালনা করে আসছেন। তাঁদের কারণে ব্যাংক আর্থিক ক্ষতির মুখে পড়ে। বিশেষ করে কয়েকজন ভাড়াটিয়া একটি পক্ষের সঙ্গে যোগসাজশ করে ব্যাংকের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন।  

 

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তৎকালীন সভাপতি অনুপস্থিত থাকায় ব্যাংকের শর্ত পূরণ করে তিনি তৃতীয়বারের মতো সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পরে ব্যাংক পরিচালনা কমিটির সভায় সাতমাথার পুরোনো ভবনটি ভেঙে আধুনিক ও দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত ভবনটির নাম রাখা হয়েছে সমবায় টাওয়ার। সেখানে জেলার সমবায়ীদের উৎপাদিত পণ্য কেনাবেচার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার ভাইস চেয়ারম্যান ওবায়দুর রহমান, পরিচালক আব্দুল বাসেত ও নজরুল ইসলাম, সাবেক পরিচালক বদিউজ্জামাল বাদশা, গোলাম মোস্তফাসহ অন্যান্য সমবায় সমিতির প্রতিনিধিরা। সংবাদপড়ুন