বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করতে তিনদিন ব্যাপি ক্যাম্পেইন শুরু হয়েছে। মঙ্গলবার (১০নভেম্বর) এই প্রচারাভিযানের প্রথমদিনে উপজেলার শাহবন্দেগী, খামারকান্দি ও গাড়ীদহ ইউনিয়ন পরিষদ এলাকায় ওই কর্মসূচি পালিত হয়। স্থানীয় উপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরী, আত্মকর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরীর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার উদ্যোগে এবং প্রাইম ব্যাংক পিএলসি শেরপুর শাখার সার্বিক সহযোগিতায় সচেতনতামূলক এই ক্যাম্পেইন আয়োজন করেন। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার অতিরিক্ত পরিচালক আব্দুল হান্নান। প্রাইম ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক টিএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সোনালী ব্যাংক শেরপুর শাখার ব্যাবস্থাপক এএসএম মনোয়ার হোসেন, ট্রাষ্ট ব্যাংক শেরপুর শাখার অপারেশন ম্যানেজার শেখ মো. ইসমাঈল হোসেন, শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ, গাড়ীদহ ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমান, খামারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন, প্রাইম ব্যাংকের কর্মকর্তা জাকির হোসেন, মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। ওই তিনটি ইউনিয়নে আয়োজিত পৃথক অনুষ্ঠানে নতুন উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ, ব্যাংকিং সুবিধা এবং উদ্যোক্তা উন্নয়নে আর্থিক সহায়তার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিত করে তাঁদের স্বাবলম্বী হতে উৎসাহিত করেন বক্তারা। ক্যাম্পেইনের আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেন তারা।