বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ভাইরাল
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরের পর এই ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। নিষিদ্ধ একটি সংগঠনের এমন প্রকাশ্যে কর্মসূচি পালনের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ভিডিওটি প্রচার করেন। ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফেসবুক পোস্টে এই কর্মসূচি পালনের জন্য স্থানীয় নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মোস্তাফিজার রহমান ভুট্টো।
নেতাকর্মীদের দলের প্রতি অনুগত থাকার আহ্বান জানিয়ে তিনি পোস্টে উল্লেখ করেন, মুজিব আদর্শের প্রতিটি কর্মী একটি জ্বলন্ত স্ফুলিঙ্গ। তাই ঝড়-ঝাপটা আর যত প্রতিকূলতাই আসুক, যুবলীগের ইতিহাস পিছু হটার নয়। এছাড়া আদর্শের কোনো মৃত্যু নেই এবং খাঁটি কর্মীর কখনো পতন নেই বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, শেরপুরের একটি মাঠে ডেকোরেশন করে প্যান্ডেল তৈরি করা হয়। সেখানে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি ব্যানার টানিয়ে চেয়ার পাতা হয়। সেই প্যান্ডেলে বসে নেতাকর্মীরা আলোচনা সভা করেন এবং কয়েকজন নেতা সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তবে ভিডিওতে উপস্থিত থাকা অধিকাংশ নেতাকর্মীর মুখে মাস্ক থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের এমন প্রকাশ্য কার্যক্রমের ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, এ ধরনের কোনো কর্মসূচি পালনের খবর তাদের জানা নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সেজন্য পুলিশ তৎপর রয়েছে এবং প্রয়োজনে নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।