৩৯ প্রদীপ জ্বেলে ‘আমরা ক’জন’ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
স্টাফ রিপোর্টার
৩৯ বছরে পদার্পণ করেছে বগুড়ার সাংস্কৃতিক সংগঠন ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’। এ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আনন্দধারা বহিছে ভুবনে’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁকে উৎসর্গ করে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় সংগঠনের শিল্পীরা ‘আনন্দধারা বহিছে ভুবনে’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন। এ সময় সংগঠনের শিশু শিল্পীরা ৩৯টি প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের সূচনা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি সংগঠনের শিল্পীদের সঙ্গে নিয়ে ৩৯ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সিআইডি পুলিশ সুপার মোতাহার হোসেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিআইআইটির পরিচালক প্রকৌশলী শাহাবুদ্দিন সৈকত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, উচ্চারণ একাডেমির পরিচালক পলাশ খন্দকার এবং সংগঠনের লায়ন অদিতি সিনহা ও সুমনা ইয়াসমিন সুমা।
অনুষ্ঠানে অতিথিরা সংগঠনটির ৩৯ বছরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা ভবিষ্যতে সংগঠনটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পরে সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ বছরব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
কথা, কবিতা ও নৃত্যের সমন্বয়ে সাজানো সাংস্কৃতিক পর্বে সংগঠনের শিল্পীরা একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন। মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় এসব পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি আব্দুল মোবিন জিন্নাহর আবৃত্তি পরিচালনায় শিল্পীরা একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন।
পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক মাহাবুব হাসান সোহাগ এবং তাসনিম ত্রয়ী।