বগুড়ায় জাতীয় নৃত্য প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশ নিলেন শতাধিক শিল্পী
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত দেশব্যাপী বয়স ও বিষয়ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২০২৬-এর বগুড়া অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বগুড়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ প্রতিযোগিতায় প্রায় ১০০ জন নৃত্যশিল্পী অংশ নেন।
ছয়টি বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিটি বিভাগ থেকে সেরা তিনজন করে প্রতিযোগী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। তাঁরা জাতীয় পর্যায়ে বগুড়া অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি সৈয়দ আশিক ফারুক। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির নৃত্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল হাসান ফেরদৌস, রংপুর শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক মো. আল আমিন এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য স্বর্ণালী পুতুল।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত বিচারকদের উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংস্থার বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা জর্জেট বুলবুল ব্যাপারী ও সভাপতি সৈয়দ আশিক ফারুক।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন বিচারকমণ্ডলীর সদস্য ও সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
বিচারক কামরুল হাসান ফেরদৌস বলেন, এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের নৃত্যশিল্পীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। পাশাপাশি নতুন শিল্পী উঠে আসার পথ তৈরি হয় এবং জাতীয় পর্যায়ে বগুড়ার নৃত্যশিল্পীদের প্রতিনিধিত্বের সুযোগ বাড়ে।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহাবুব হাসান সোহাগ।