বগুড়া শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ ঘটনা ঘটে। তিনি হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলায় ভর্তি ছিলেন।
নিহত শিরিন বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার সুলাইমান আলীর স্ত্রী।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মাথাব্যথা ও জ্বর নিয়ে শিরিনকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলায় ভর্তি করা হয়। শনিবার তিনি ওই তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে যান। জানালাটিতে গ্রিল ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তাঁর মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শজিমেক হাসপাতালের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ বলেন, তিনি ছুটিতে আছেন। এক নারী ছয়তলা থেকে পড়ে মারা গেছেন বলে তিনি জেনেছেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।