বগুড়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, ৩১ ভরি স্বর্ণ লুটের দাবি
স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলায় মোয়াজ্জেম হোসেন মন্ডল নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৩১ ভরি স্বর্ণালঙ্কার ও ৬ লাখ টাকা লুটের দাবি।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বাড়িতে পাঁচ থেকে ৭ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। জানালার গ্রিল কেটে তারা বাড়ির ভেতরে ঢোকে। এরপর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে বিভিন্ন ঘরের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে।
পরিবারের দাবি, ডাকাতরা মোয়াজ্জেম হোসেনের বড় ছেলের স্ত্রীর ঘর থেকে ১৫ ভরি, ছোট ছেলের স্ত্রীর ঘর থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও এক লাখ টাকা এবং গৃহকর্তার ঘর থেকে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও পাঁচ লাখ টাকা নিয়ে যায়। পরে তারা পালিয়ে যায়।
দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল হক বলেন, তিনি ডাকাতির ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনই জানাতে পারেননি তিনি।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের ঘটনা ঘটেছে। তবে লুট হওয়া স্বর্ণের পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও ৬ লাখ টাকা লুটের তথ্য পাওয়া গেছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।