বগুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঐতিহ্যবাহী ছট পূজা উদযাপন
স্টাফ রিপোর্টার
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ায় ঐতিহ্যবাহী ছট (সূর্য) পূজা উদযাপিত হয়েছে। সূর্য দেবতার আরাধনা, পারিবারিক সুখ-সমৃদ্ধি ও সন্তানদের মঙ্গল কামনায় রবিবার (১৫ নভেম্বর) বিকেলে করতোয়া নদীর তীরে এ পূজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার পুণ্যার্থীর সমাগমে নদীর ঘাটগুলো উৎসবমুখর হয়ে ওঠে।
প্রতি বছর কালীপূজার পর শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা সূর্য দেবতার সন্তুষ্টি ও আশীর্বাদ লাভের উদ্দেশ্যে ছট পূজা পালন করেন।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে বগুড়া শহরের করতোয়া নদীর চাষী বাজার, এসপি ঘাট, দত্তবাড়ী ও নবাববাড়ী ঘাটে ছট পূজার আয়োজন করা হয়।
মনোবাসনা পূরণ ও বিভিন্ন মানত উপলক্ষে পশ্চিমা, হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। পুণ্যার্থীদের পদচারণায় করতোয়া নদীর তীর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
পূজারিরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্যযন্ত্র ও বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে নদীর তীরে উপস্থিত হন। সূর্যাস্তের আগে নদীর পানিতে দাঁড়িয়ে ডালা ও কুলায় সাজানো প্রসাদ নিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে পূজা ও অর্ঘ্য নিবেদন করেন তারা। সূর্যাস্তের পর পূজারিরা বাড়ি ফিরে যান। সোমবার (১৬ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের সময় পুনরায় নদীর ঘাটে উপস্থিত হয়ে সূর্য স্নান ও অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, সূর্যের মধ্যেই প্রাণের উৎস নিহিত। তাদের বিশ্বাস, সূর্যের শুভ প্রভাবে মানুষ স্বাস্থ্য, গতি ও আত্মবিশ্বাস লাভ করে এবং সূর্য অনেক রোগের বিনাশ ঘটায়। মূলত পারিবারিক সুখ-সমৃদ্ধি, শান্তি এবং পরিবারের ছোটদের মঙ্গল কামনায় এই ছট পূজা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে বগুড়ায় ঐতিহ্যবাহী ছট পূজা সম্পন্ন হয়।