বগুড়ায় সাবেক দুই এমপিসহ আ.লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দুই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ১৯:৩১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৬৮ বার।

বগুড়ার শেরপুরে মহাসড়কে ককটেল বিস্ফোরণ, চলন্ত ভ্যানে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাবেক দুই এমপি, পুত্র, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৩০০নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে হয়েছে। রবিবার (১৫নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা বিএনপি নেতা আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় ১০৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০-২০০জন ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরমধ্যে ধুনট ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৫ আসনের সাবেক এমপি হাবিবর রহমানের পুত্র আসিফ ইকবাল সনি, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ মজিবর রহমান মজনু, সাবেক এমপি হাবিবর রহমান, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজার রহমান ভুট্টো, সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর নাম রয়েছে। এদিকে সোমবার (১৬নভেম্বর) পুলিশ অভিযান চালিয়ে আ.লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। তারা হলেন-উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আ.লীগ নেতা মিজানুর রহমান (২৭) ও শহরের টাউন কলোনি এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. সম্রাট ওরফে জিকু (৩২)।

মামলা সূত্রে জানা যায়, মামলায় এজাহার নামীয় অভিযুক্তদের পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী কর্মকান্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে উপজেলার গাড়ীদহ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভ্যানে আগুন ধরিয়ে দেন। এতে করে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করেন। নাশকতার সম্পুর্ণ ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার ওসি একরামুল হোসাইন বলেন, মহাসড়কে নাশকতার ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে ওই ঘটনায় জড়িত এজাহার নামীয় ও অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এরইমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি।