বগুড়ার শেরপুরে সিএনজি টার্মিনাল নেই, তবু টোল আদায়ের ইজারা!

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ১৯:৪২ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৬ বার।

বগুড়ার শেরপুর পৌরসভায় সিএনজি অটোরিকশার জন্য নির্ধারিত কোনো টার্মিনাল নেই। অথচ কাগজে-কলমে পৌর টার্মিনাল দেখিয়ে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেইসঙ্গে টোল আদায়ের নামে লাখ লাখ টাকা হাতিয়ে মিশন নিয়ে মাঠে নেমেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ একটি প্রভাবশালী সিন্ডিকেট। বিষয়টি নিয়ে উপজেলার বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশার মালিক-চালকদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পাশাপাশি টার্মিনালে গাড়ি রাখার জায়গা নিশ্চিত না করে টোল আদায়ের ইজারা কার্যক্রম বন্ধের জন্য জোর দাবিও জানিয়েছেন তাঁরা। রবিবার (১৫নভেম্বর) দুপুরের পর এই দাবি জানিয়ে শেরপুর পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় সিএনজি অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতারা।

লিখিত আবেদনে বলা হয়, চলতি মাসের ৯নভেম্বর বগুড়ার একটি দৈনিক পত্রিকায় শেরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর স্বাক্ষরিত ইজারা বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই বিজ্ঞপ্তিতে ধুনট রোড মোড়কে পৌর টার্মিনাল দেখানো হয়। কাগজে-কলমে এটিকেই বাস, ট্রাক ও সিএনজি অটোরিকশা টার্মিনা হিসেবে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছেন পৌর কর্তৃপক্ষ। কিন্তু বাস্তব চিত্র সম্পুর্ণ উল্টো। তবে ধুনটমোড়ে দশ থেকে বিশ শতক জায়গা আয়তনের একটি ফাকা জায়গা রয়েছে। সেটি দীর্ঘদিন ধরে ট্রাক টার্মিনাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেখানে সিএনজি অটোরিকশা রাখার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। ফলে টার্মিনালের নামে ইজারা দেওয়া হলেও সিএনজি চালকদের সেখানে গাড়ি রাখার কোনো সুযোগ নেই। তাই জায়গা না পেয়ে ধুনটমোড়ে মহাসড়কের দুই পাশকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। অস্থায়ীভাবে গড়ে উঠা এই স্ট্যান্ডেই প্রতিদিন অসংখ্য সিএনজি চালিত অটোরিকসা দাঁড়িয়ে রাখা হচ্ছে। এতে করে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পাশাপাশি সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ফলে সাধারণ পথচারী ও যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বগুড়া জেলা সিএনজি চালিত অটোরিকসা মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম নুর ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখসহ কয়েকশ’ মালিক-চালকদের স্বাক্ষরিত ওই আবেদনে আরো বলা হয়, অতীতে তাঁদের গাড়ি রাখার জন্য জায়গা বরাদ্দ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তাই নিয়মিত পৌর কর্তৃপক্ষের ইজারার টাকা দিয়ে আসছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাদের সিএনজি রাখার জায়গা বরাদ্দ দেওয়া হয়নি। তাই গাড়ি পার্কিং করতে পারছেন না। এমনকি পৌর কর্তৃপক্ষের সেদিকে কোনো নজর নেই। এমন পরিস্থিততে অনেকটা বাধ্য হয়েই ব্যক্তিমালিকানাধীন জায়গা ভাড়া নিয়ে এবং মহাসড়কের বিভিন্ন স্থানের ফুটপাতে গাড়ি রেখে জীবিকা নির্বাহ করছেন তাঁরা। এরমধ্যে সিএনজি অটোরিকশা রাখার পাঁচটি স্থান উল্লেখযোগ্য। স্থানগুলো হলো ধুনট রোড মোড়স্থ ট্রাক টার্মিনাল থেকে প্রায় এক কিলোমিটার দূরে কলেজ রোড, রণবীরবালা ঈদগাহ মাঠের জায়গা, শেরপুর বাসস্ট্যান্ডের সিএমবি অফিসের দক্ষিণ পাশে গফুর ভান্ডারের জায়গা, মহনা শপিং সেন্টারের সামনের ফুটপাত এবং ধুনট মোড়ের খাদ্যগুদামের উত্তর পাশে আঞ্চলিক সড়কের ফুটপাত।

সিএনজি মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম নুর ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ শেরপুর পৌরসভায় সিএনজি অটোরিকশার জন্য স্থায়ী টার্মিনাল ও পার্কিংয়ের জায়গা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, যত দিন পর্যন্ত এই ব্যবস্থা করা না হবে, তত দিন টার্মিনালের নামে পৌর টোল আদায়ের ইজারা দেওয়া ও টোল আদায় বন্ধ রাখার জোর দাবি জানান তাঁরা। এ প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শেরপুর পৌরসভার প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু বলেন, ইতিপূর্বেও এই পদ্ধতিতেই সিএনজি টার্মিনাল ইজারা দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব পাওয়ার পর সে পথ অনুসরণ করেই ইজারা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন। তবে যেহেতু অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে দাবি করেন তিনি।