বগুড়ার শেরপুরে বিএনপির দিনভর অবস্থান কর্মসূচি
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে বগুড়ার শেরপুরে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর পৌরশহরের ধুনটমোড় এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মারুফ শিমুল ও জাহিদুর রহমান টুলু, বিএনপি নেতা আতাউর রহমান, যুবদল নেতা আসাফুদ্দৌলা মামুন, সাহাবুল করিম, আইয়ুব আলী মন্ডল, সোবাদুল ইসলাম, আবু রায়হান, আল আমীন মন্ডল, লিটন আহম্মেদ ও সজীব আহম্মেদসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনভর নেতাকর্মীরা ধুনটমোড় এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিলেন।
বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির নামে কেউ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য তাঁরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষের জানমাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতেই তাঁদের এ অবস্থান কর্মসূচি। জনগণের জানমালের ক্ষতি হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তাঁরা জানান।