বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ১৮:৫৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৬ বার।

বগুড়ার সদর উপজেলার খাজাপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকী তৈরি, নিষিদ্ধ রাসায়নিক উপাদান ব্যবহার এবং পোড়া তেলে খাদ্যপণ্য ভাজার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর ) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার খাজাপাড়া এলাকায় (করতোয়া নদীর পশ্চিম পাশে) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আবুল হোটেল নামের নিমকী তৈরির কারখানায় বিভিন্ন অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র উঠে আসে। কারখানাটিতে খোলা আকাশের নিচে এবং খোলা টয়লেটের পাশে নিমকী তৈরি করতে দেখা যায়। এ ছাড়া নিমকী তৈরিতে নিষিদ্ধ সাল্টু ও হাইড্রোজ ব্যবহার, উৎপাদনে ইন্ডাস্ট্রিয়াল লবণ প্রয়োগ এবং পোড়া তেলে নিমকী ভাজার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধের কথা স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক শাজাহানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, কারখানা থেকে জব্দ করা নিষিদ্ধ হাইড্রোজ, সাল্টু ও ইন্ডাস্ট্রিয়াল লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে দ্রুত কারখানা স্থানান্তর এবং সরকারের প্রচলিত সব বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন।