বিটিভিতে প্রথমবার গান ও আবৃত্তি নিয়ে ‘দল অন্যরকম’
স্টাফ রিপোর্টার
বগুড়ার সাংস্কৃতিক সংগঠন ‘দল অন্যরকম’ প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) গান ও আবৃত্তির সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান ধারণ করেছে। ‘হামার বগুড়া হামার গান’ শিরোনামে দুটি পর্বের জন্য অনুষ্ঠানটি ধারণ করা হয়। আগামী ডিসেম্বরের প্রথম ও তৃতীয় সপ্তাহে পর্ব দুটি প্রচারিত হবে।
গতকাল বৃহস্পতিবার বিটিভির স্টুডিওতে অনুষ্ঠান দুটির ধারণ করা হয়। এর একটি পর্ব সাজানো হয়েছে মহান বিজয়ের মাস উপলক্ষে মুক্তিযুদ্ধের গান ও কবিতা দিয়ে। অন্য পর্বে থাকছে ফোক ফিউশন। বগুড়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আঞ্চলিক ভাষার পাশাপাশি বাংলাদেশের লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ উঠে এসেছে পরিবেশনাগুলোতে।
পাঁচ বছর ধরে দেশের বিভিন্ন মঞ্চ ও টেলিভিশন চ্যানেলে নিয়মিত পরিবেশনা করে আসছে দল অন্যরকম। গান ও কবিতার সমন্বয়ে ‘গানাবৃত্তি’ নামে নিজস্ব পরিবেশনারীতি গড়ে তুলেছে সংগঠনটি। বিটিভিতে প্রথমবারের মতো অনুষ্ঠান ধারণের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে তাদের এই পরিবেশনা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
দল অন্যরকমের অন্যতম মুখপাত্র সোবহানী বাপ্পী বলেন, বিটিভিতে এখন থেকে বাংলাদেশি লোকায়ত সংস্কৃতির বিভিন্ন ধারা নিয়ে নিয়মিত কাজ করতে চায় দলটি। নতুন কিছু উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই দল অন্যরকমের যাত্রা শুরু হয়েছিল। বিভিন্ন মঞ্চ ও টেলিভিশনে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
সংগঠনটির আরেক সদস্য কনক কুমার পাল অলক বলেন, সুস্থ সাংস্কৃতিক ধারাকে সমুন্নত রেখে নতুন নতুন পরিবেশনার মাধ্যমে দর্শকদের ভিন্ন স্বাদের অনুষ্ঠান উপহার দিতে কাজ করছেন তাঁরা। দলের সদস্যরা বগুড়া থিয়েটারের নাট্যকর্মী হওয়ায় পরিবেশনাগুলোতে নাটকীয়তার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে।
এদিকে আজ শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টায় গ্লোবাল টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে দল অন্যরকমের বিশেষ অনুষ্ঠান। টানা আড়াই ঘণ্টার এই আয়োজনে গান, কবিতা ও গল্প পরিবেশন করবেন সংগঠনের শিল্পীরা। অনুষ্ঠানটি উপভোগ করার জন্য দর্শকদের আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি।
বিটিভি ও গ্লোবাল টেলিভিশনের পরিবেশনায় অংশ নিচ্ছেন সোবহানী বাপ্পী, সানাউর রহমান, বায়েজিদ নিবিড়, আমিরুল রকি, আল গালিব, রবিউল করিম, রাহুল স্মরণ ও অলক পাল।