রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ও লাল গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এ সময় পুরো ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুকে শিক্ষার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে কলেজ কর্তৃপক্ষ ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে তাঁকে বরণ করে নেয়।
আবাদপুকুর মহাবিদ্যালয়ের সভাপতি ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, বিগত আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বর্তমান বিএনপি সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি কলেজটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মোবাইল ডিভাইসের ক্ষতিকর দিক পরিহার করে বই পড়ার প্রতি বেশি মনোযোগী হতে হবে। তোমরাই আগামী দিনে জাতির কল্যাণে কাজ করবে। ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্বও তোমাদেরই নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. এছাহক আলী ও সাধারণ সম্পাদক মোসারব হোসেন। এ ছাড়া কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া মন্ডল, রাণীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফারুক জেমস, উপজেলা বিএনপি'র সিনিয়র সভাপতি মোঃ মকলেছুর রহমান বাবু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাহুল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান হাসান শিমুলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।