বগুড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১২টা ২০ মিনিট থেকে রাত ১টা ৩০ মিনিটের মধ্যে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইফুল ইসলাম (৪৮) ও মো. বয়জাল হোসেন (৪৮)। সাইফুল ইসলাম কুসুম্বী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি উপজেলার বাগড়া হঠাৎপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে। বয়জাল হোসেন গাড়িদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি জয়নগর গ্রামের মৃত হেদায়াতুল্লাহ প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর থানার সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্তে তাঁদের নাম উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে তাঁর নিজ বাড়ি থেকে রাত ১২টা ২০ মিনিটে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১টা ৩০ মিনিটে বয়জাল হোসেনকে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।