বগুড়ায় তিনদিন গ্যাস থাকবে না
স্টাফ রিপোর্টার
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির গ্যাস সঞ্চালনা পাইপলাইনের সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে পরবর্তী তিন দিন বগুড়াসহ ৪ জেলায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল) কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ এলাকায় অবস্থিত জিটিসিএল এর ৩০ ইঞ্চি ব্যাসের গ্যাস সঞ্চালনা পাইপলাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার অংশ প্রতিস্থাপন কাজের টাই-ইন/হুক আপের জন্য (১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮ টা পর্যন্ত) পিজিসিএল অধিক্ষেত্রাধীন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য পিজিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ করে পিজিসিএল:
রাজশাহী জেলার রাজশাহী সিটি কর্পোরেশন। সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলা, উল্লাপাড়া উপজেলা ও শাহজাদপুর উপজেলা। পাবনা জেলার পাবনা সদর উপজেলা, বেড়া উপজেলা, সাঁথিয়া উপজেলা ও ঈশ্বরদী উপজেলা। বগুড়া জেলার বগুড়া সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলা।